দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘ কর্মজীবনের শেষ দিনে প্রিয় শিক্ষক-শিক্ষার্থীদের ভালোবাসা ও আবেগঘন বিদায়ে সিক্ত হলেন নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল বারী। তাঁর শেষ কর্মদিবস ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে তৈরি হয় আবেগঘন পরিবেশ। বিদায়ের সময় কান্নায় ভেঙে পড়েন অনেক শিক্ষার্থী ও সহকর্মী।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে বিদ্যালয়ে আয়োজিত অবসরজনিত বিদায় অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা ফুল দিয়ে প্রধান শিক্ষককে শুভেচ্ছা জানান। পরে তাঁকে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা তারিক ইকবাল।
অনুষ্ঠানে প্রধান শিক্ষক আব্দুল বারীর দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সহকর্মী ও শিক্ষার্থীরা।
শিক্ষার্থী মরিয়ম ও জতিরময় বলেন, শুধু পাঠদান নয়, প্রধান শিক্ষক একজন অভিভাবকের মতো তাঁদের আগলে রেখেছেন। তাঁর স্নেহ, শাসন ও পরামর্শ ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকবে। বিদায়ের মুহূর্তে প্রিয় শিক্ষককে হারানোর কষ্টে অনেক শিক্ষার্থী কান্নায় ভেঙে পড়ে।
সহকারী শিক্ষক নাজমা পারভিন বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও পরিবেশ উন্নয়নে প্রধান শিক্ষক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর নেতৃত্ব ও আন্তরিকতা শিক্ষক-শিক্ষার্থীদের কাছে সবসময় স্মরণীয় হয়ে থাকবে।
বিদায়ী বক্তব্যে মো. আব্দুল বারী বলেন, কর্মজীবনের শেষ দিনে শিক্ষক-শিক্ষার্থী ও সহকর্মীদের কাছ থেকে পাওয়া এমন ভালোবাসা তাঁর জীবনের অন্যতম শ্রেষ্ঠ প্রাপ্তি। বিদ্যালয়ের সঙ্গে কাটানো দিনগুলো এবং শিক্ষার্থীদের ভালোবাসা তিনি আজীবন মনে রাখবেন।
অনুষ্ঠানের শেষে শিক্ষক-শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছায় প্রধান শিক্ষককে বিদ্যালয় থেকে বিদায় জানান। দীর্ঘ কর্মজীবনের ইতি টানলেও শিক্ষক-শিক্ষার্থীদের হৃদয়ে তাঁর স্মৃতি অমলিন থাকবে—এমন আবেগই ফুটে ওঠে পুরো আয়োজনজুড়ে।
এমএস/